আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০৬:০০ এএম
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন।
বুধবার (১ এপ্রিল) বৈরুতের বাইরে খালদে এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে এবং ঝনা এলাকার কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়। খবরটি নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, খালদে এলাকায় ইসরায়েলি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গাড়িটিতে আঘাত করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইরানে যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। সীমান্তবর্তী এই অঞ্চলে গত কয়েক দিন ধরেই দুপক্ষের হামলার তীব্রতা বেড়েছে। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরায়েল লেবাননের গভীরে বিমান হামলা জোরদার করেছে, যাতে সাধারণ নাগরিকেরা প্রাণ হারাচ্ছেন। লেবাননে ২ মার্চ থেকে চালানো ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১,২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। উদ্বাস্তু হয়েছেন ১২ লক্ষ মানুষ। সূত্র: আল জাজিরা।
এমআর