আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ০৭:৫২ এএম
ইরাকের শিয়া সমর্থিত রাজনৈতিক দল ‘সুপ্রিম ইসলামিক কাউন্সিল’-এর প্রধান হাম্মাম হামুদির কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
রোববার (২৯ মার্চ) ইরানি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ওই খবর অনুযায়ী, বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আল-সাদেক এক বৈঠকে এই বার্তাটি সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান হাম্মাম হামুদির কাছে পৌঁছে দেন।
বৈঠকে ইরানি রাষ্ট্রদূত ইরানের সাথে ইসরায়েল ও মার্কিন যুদ্ধ ইস্যুতে নাজাফের ‘শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ’ বা মারজাদের সাহসী ও স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন।
পাশাপাশি, আর্থিক সহায়তা এবং সংহতি সমাবেশের মাধ্যমে ইরাকি জনগণ ইরানের প্রতি যে অভূতপূর্ব সমর্থন দেখিয়েছেন, সেজন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। সেদিনই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তাঁর ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেও এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি, এমনকি তাঁর কোনো ভিডিও বা অডিওবার্তাও জনগনের সামনে আসেনি। শুধু তাঁর লিখিত বার্তা অন্যদের মাধ্যমে জনগণকে পড়ে শোনানো হয়েছে।
/এএস