আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ০৭:৪০ এএম
ইরান এবং তার সহযোগী গোষ্ঠীর চতুর্মুখী হামলায় খেই হারিয়ে ফেলেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রোববার (২৯ মার্চ) ইরান থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটির দক্ষিণে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে গেছে।
কোনো হতাহতের খবর না জানালেও ইসরায়েল জানিয়েছে, কারখানাটিতে আগুন লেগে যায় এবং বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।
এছাড়া রোববার রাতভর দফায় দফায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে অন্তত পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। রোববার দুপুরের পর থেকে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলে সাইরেন বাজিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইরান থেকে ধেয়ে আসা ওই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, লেবানন থেকেও উত্তর ইসরায়েলে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে। আইডিএফ বলছে, লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।
আরও পড়ুন:
ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জেরুজালেম ও মধ্য-ইসরায়েলে সাইরেন বাজানোর কিছুক্ষণ পরই উত্তর-ইসরায়েলে আগাম সতর্কবার্তা জারি করা হয়।
হামলার আশঙ্কায় মধ্য-ইসরায়েল, জেরুজালেম, শফেলা এবং লোহিত সাগর লাগোয়া ইসরায়েলের বিভিন্ন এলাকায়ও সাইরেন বাজানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও সরাসরি আঘাত কিংবা ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় ১১ জন আহত হয়েছে।
সেখানে একটি রাসায়নিক কারখানায় আঘাত ও তার পরবর্তী ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড বীরশেবার দক্ষিণে অবস্থিত নিওত হোভাব শিল্পাঞ্চলের নিকটবর্তী বেসামরিক নাগরিকদের অনেককে সরিয়ে নিয়েছে এবং বাকিদের বাড়ির ভিতরে থাকার জন্য সতর্কবার্তা জারি করেছে।
-এমএমএস