images

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২.৯ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ ২০২৬, ০৬:০৫ এএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে চরম অস্থিরতা বিরাজ করছে জ্বালানি তেলের বাজারে। মাঝে কিছুটা কমলেও আবারও বেড়েছে তেলের দাম। এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারের বেশি হয়েছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১১৫ দশমিক ৮৪ ডলার, যা আগের তুলনায় প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেশি। খবর বিবিসির। 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার। এরপর থেকে ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকে।

গত ১৯ মার্চ তেলের দাম সর্বোচ্চ ১১৮ ডলারে পৌঁছায়। এরপর কিছুটা কমে গেলেও শুক্রবার পর্যন্ত তা ১১২ ডলারের কাছাকাছি অবস্থান করছিল, যা যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় অনেক বেশি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

4545
প্রায় এক মাস ধরে চলছে এই যুদ্ধ। ছবি: সংগৃহীত

এদিকে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে প্রতিটি দেশ। জ্বালানি সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশগুলো। নানা উপায়ে এই সংকট মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতেও বড় ধরনের চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতি ব্যারেল তেলের দাম ১০ ডলার বাড়লেই বছরে অতিরিক্ত প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় বাড়ে। আর যদি দীর্ঘ সময় ধরে দাম ১২০ ডলারের ওপরে থাকে, তাহলে বছরে অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে চার থেকে পাঁচ বিলিয়ন ডলারে, যা প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় প্রায় ৬১ হাজার কোটি টাকা। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের এক গবেষণা প্রতিবেদনে এমন প্রাক্কলন তুলে ধরা হয়। 

জেবি