images

আন্তর্জাতিক

এনপিটি থেকে বেরিয়ে যাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ ২০২৬, ১০:৩৯ এএম

নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি থেকে বেরিয়ে যেতে চাচ্ছে ইরান। দেশটির সংসদসহ বেশ কয়েকটি সংশ্লিষ্ট সংস্থা জরুরি ভিত্তিতে এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি পর্যালোচনা করছে। 

জানা গেছে, ইরানে এই বিষয়টি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে যে এনপিটিতে থাকার কোনো যৌক্তিকতা নেই। খবর তাসনিম নিউজের।

এনপিটি অনুসারে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএএইএ) অবশ্যই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও এর সরঞ্জাম ব্যবহারের সুরক্ষা দিতে হবে। 

আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসি পরোক্ষভাবে শত্রু পক্ষ ইরানি স্থাপনাগুলোতে হামলা চালাতে উৎসাহিত করেছেন এবং মার্কিন-ইসরায়েলি বাহিনীর এ নগ্ন হামলার পরও আইএইএ কোনো বাধা বা নিন্দা জানায়নি।

এ কারণেই ইরান মনে করছে, এরপর আর এনপিটিতে থাকার কোনো যৌক্তিকতা থাকে না।

এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার অর্থ পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হওয়া নয়, বরং এর উদ্দেশ্য হলো আইএইএ পরিদর্শকদের আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের গুপ্তচরবৃত্তির সুযোগ বন্ধ করা।

মূলত, নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি হলো- পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহারের লক্ষ্যে ১৯৬৮ সালে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭০ সালে কার্যকর হয়। 

পরমাণু শক্তিধর দেশগুলো ছাড়া বর্তমান বিশ্বের প্রায় সব দেশই এই চুক্তির অন্তর্ভুক্ত, তবে ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং দক্ষিণ সুদান এই চুক্তি স্বাক্ষর বা অনুমোদন করেনি।

এটি পরমাণু অস্ত্রের প্রসার রোধ, শান্তিপূর্ণ প্রযুক্তি বিনিময় এবং অস্ত্র হ্রাসের তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি।

-এমএমএস