images

আন্তর্জাতিক

এবার কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএম

মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পর এবার কাতারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। এই চুক্তির ফলে একে অপরের সাথে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতা বিনিময় করবে দুই দেশ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলোতে এক ঝটিকা সফরে বের হয়েছেন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পর কাতারের সাথে এই চুক্তিটি তার সফরের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষ বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। ইউক্রেনের পক্ষে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রি নাটোভ এবং কাতারের পক্ষে কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মোহাম্মদ আল-মান্নাই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে দুই দেশ কেবল প্রযুক্তিগত সহযোগিতাই নয়, বরং প্রতিরক্ষা খাতে পারস্পরিক বিনিয়োগের পথও প্রশস্ত করল।

প্রসঙ্গত, আর্থিক অনুদান এবং উন্নত প্রযুক্তির বিনিময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা প্রদান করছে ইউক্রেন। কারণ ইউক্রেন দীর্ঘদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানি শাহেদ ড্রোন মোকাবিলার অভিজ্ঞতা অর্জন করেছে। 

ইরানের ড্রোন মোকাবিলায় উপসাগরীয় দেশগুলো বর্তমানে অত্যন্ত ব্যয়বহুল প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করছে। ইউক্রেন তাদের শেখাতে চায় কীভাবে অনেক কম খরচে এবং কার্যকরভাবে ড্রোন ভূপাতিত করা সম্ভব। এক্ষেত্রে তাদের সল্পমূল্যের ইন্টারসেপ্টর ও জ্যামিং প্রযুক্তি সরবরাহ করবে কিয়েভ। দেশটি ইতোমধ্যেই সৌদি আরব, কাতার, এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে তাদের ড্রোন প্রতিরক্ষা বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। এমনকি জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও তারা সহায়তা প্রদান করছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মজুত থাকা একটি ডিপোতে হামলা চালিয়েছে ইরান। সেই হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহত হয়েছেন বলে ধারণা করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির কেন্দ্রীয় কমান্ড- খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে অবস্থিত ইউক্রেনের একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার ডিপো লক্ষ্য করে হামলা চালায় আইআরজিসির অ্যারোস্পেস ও নৌবাহিনীর। হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে।

মুখপাত্র আরও জানিয়েছেন, হামলার সময় ওই ড্রোন ডিপোতে হামলার সময় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। হামলায় পর তাদের অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। সম্ভবত তারা সবাই নিহত হয়েছেন।

এদিকে ইরানের এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন। 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেওরহি তিখি সাংবাদিকদের বলেন, ‘এটি একটি মিথ্যা। আমরা আনুষ্ঠানিকভাবে এই তথ্য খণ্ডন করছি। ইরানি শাসকগোষ্ঠী প্রায়শই এ ধরনের অপতথ্য প্রচারণা চালিয়ে থাকে।’

সূত্র: বিবিসি


এমএইচআর