আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে অবিরত হামলা করে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে গতকাল বৃহস্পতিবার রাত ছিল এরমধ্যে সব চেয়ে ভয়াবহ রাত। প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্যেই রাতভর রাজধানী তেহরান এবং এর পার্শ্ববর্তী কারাজ শহরের ওপরে ব্যাপক হামলা চালায় মার্কিন-ইসরায়েলি বিমানগুলো। স্থানীয় মানুষরা বলছেন, কোনটা যে বোমাবর্ষণ আর কোনটা ঝড়-বৃষ্টি, তার ফারাক বুঝতে পারেননি তারা।
তেহরানের বাসিন্দা এক তরুণী বলেন, ‘আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয় কালকের রাতটাই সব থেকে ভয়াবহ ছিল। একদিকে ক্ষেপণাস্ত্রের আওয়াজ, একই সঙ্গে ঝড়-বৃষ্টি।’
তারা কথায়, ‘পুরো ব্যাপারটায় এখন ক্লান্ত লাগছে”, যুদ্ধটা এবার শেষ হোক, চাইছেন তিনি।
তেহরানের বাসিন্দা আরেক নারী বলেন, ‘ক্ষেপণাস্ত্রগুলো আমাদের বাড়ির কাছাকাছিই কোথাও এত জোরে পড়ল যে পুরো ঘর আর জানালাগুলো থরথর করে কাঁপছিল … পর পর দুবার। সারা রাত বৃষ্টি পড়েছে। আমার একবার ঘুম আসছে, আবারও জেগে উঠছি। জানি না ওগুলো কীসের আওয়াজ – ঝড়বৃষ্টি না বিস্ফোরণ।”
পার্শ্ববর্তী কারাজ শহরের কয়েকজন বাসিন্দাও জানাচ্ছেন, বৃষ্টির সঙ্গেই একনাগাড়ে মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আছড়িয়ে পড়ছিল।

আরও এক তরুণ জানাচ্ছিলেন, ‘বৃষ্টির মধ্যেই একটা বড়ো বিস্ফোরণ হয়েছে গত রাতে’।
এদিকে ইরানের কোম শহরেও বৃহস্পতিবার রাতভর হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ জানায়, শুক্রবার ভোররাতে শহরের পারদিসান এলাকায় এই হামলা চালানো হয়। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ছয়জন বলা হলেও পরে ১৮ জনের মৃত্যুর খবর জানানো হয়। এসব হামলায় আহত হয়েছেন আরো ১০ জন।
ঘটনাস্থলটিকে একটি আবাসিক এলাকা হিসেবে উল্লেখ করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছেছেন।
সূত্র: বিবিসি
এমএইচআর