আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ০৬:২৮ পিএম
২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বিমানবাহিনী ইরানে ১৫ হাজারের বেশি বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামিরের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইডিএফ ইরানের ওপর ১৫ হাজার বোমা ফেলার সীমা অতিক্রম করেছে।
দখলদার মন্ত্রী আরও বলেন, এই সংখ্যা গত বছরের জুনে ১২ দিনে ইরানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন রাইজিং লায়ন’-এর চেয়ে চারগুণ বেশি। যুদ্ধের শুরুতে হামলার সংখ্যা অনেক বেশি থাকলেও মার্চের মাঝামাঝি থেকে বোমা হামলার গতি ধারাবাহিকভাবে কমে এসেছে।
কাটজ আরও জানান, ইরান ও লেবাননে হামলার জন্য নতুন করে একাধিক লক্ষ্যবস্তু অনুমোদন করেছেন তিনি।
এদিকে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে আরও চার লাখ রিজার্ভ বা সংরক্ষিত সেনাকে তলব করার অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, তলব করা রিজার্ভ সেনাদের প্রকৃত সংখ্যা নয়, বরং এটি একটি “সর্বোচ্চ সীমা যা অভিযানগত প্রয়োজন অনুযায়ী নমনীয়তা প্রদান করে।”
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কথা উল্লেখ করে আইডিএফ আরও জানায়, ‘এই সেনা সমাবেশের কাঠামোটির উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, বিশেষ করে ‘অপারেশন রোয়ারিং লায়ন’-এর আওতায়।”
এরআগে রিজার্ভ সেনা সমাবেশের সর্বোচ্চ সীমা ছিল ২ লাখ ৮০ হাজার, যা ডিসেম্বরে অনুমোদিত হয়েছিল।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
এমএইচআর