আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম
যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র খুব ‘ভালো ও ফলপ্রসূ’ আলোচনা করছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখান করেছে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড।
বুধবার (২৪ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশটির সামরিক বাহিনীর খাতাম-আল আনবিয়া কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি দাবি করেন, ইরানের যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছেন।
যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মাত্রা কি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছেন?’
জোলফাগারি আরও বলেন, ‘আপনাদের পরাজয়কে চুক্তি বলে অভিহিত করবেন না। এই অঞ্চলের স্থিতিশীলতা আমাদের সশস্ত্র বাহিনীর মাধ্যমে নিশ্চিত হয়। এই বিষয়টি আগে আপনাদের বুঝতে হবে। এটি যতক্ষণ না বুঝতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের বিনিয়োগ, জ্বালানি ও তেলের আগের দাম- কোনোটাই ফিরে পাবেন না। আপনাদের বুঝতে হবে- শক্তিই স্থিতিশীলতা আনে।’
তিনি বলেন, ‘ইরানি জাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা তোমাদের নোংরা মন থেকে পুরোপুরি মুছে গেলেই আলোচনার পথ তৈরি হবে। প্রথম দিন থেকেই আমাদের প্রথম ও শেষ কথা ছিল, আছে এবং থাকবে: আমাদের মতো কেউ তোমাদের মতো কারো সাথে সমঝোতায় যাবে না। এখনও না, কখনওই না।’
এর আগে গত মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাবের কথা উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আলোচনা চলছে বলেও দাবি করেন।
মার্কিন সবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনায় ইরানকে তার তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে এবং ইরানের মাটিতে যেকোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। এতে তেহরানকে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করতে, প্রক্সিদের প্রতি সমর্থন কমাতে এবং হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে পুনরায় খুলে দিতেও আহ্বান জানানো হয়েছে।
এর বিনিময়ে ইরানের ওপর থেকে পারমাণবিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করবে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পরিকল্পনাটি পাকিস্তানের মাধ্যমে ইরানে পাঠানো হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মূল মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছেন। ইসলামাবাদ উভয়পক্ষ রাজি হলে সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১২ তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ১৫ দফা পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র এক মাসব্যাপী যুদ্ধবিরতি চাইছে। এতে বলা হয়, এই পরিকল্পনার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়া, প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি পরিকল্পনা পাঠিয়েছে। যদিও এই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
সূত্র: আলজাজিরা, রয়টার্স
এমএইচআর