images

আন্তর্জাতিক

যত দ্রুত সম্ভব নাগরিকদের ইসরায়েল ছাড়াতে বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম

ইরানে ভয়াবহ হামলার মুখে ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যত দ্রুত সম্ভব চীনে ফিরে যেতে বা নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস।  

সোমবার দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা এবং তীব্রতা আরও বেড়েছে, যার ফলে হতাহতের সংখ্যা ও সম্পত্তির ক্ষয়ক্ষতি বাড়ছে। পাশাপাশি সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারার কারণে বারবার মানুষ আহত হওয়ার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের আবারও যত দ্রুত সম্ভব চীনে ফিরে যেতে বা নিরাপদ স্থানে চলে যেতে আহ্বান জানানো হচ্ছে। 

বিবৃতিতে আরও বলা হয়, চীনা নাগরিকদের বিমানবন্দর, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল সামরিক ঘাঁটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সাথে নাগরিকদের ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড কর্তৃক জারি করা নিরাপত্তা নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করতে আহ্বান করা হচ্ছে।

ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের, বিশেষ করে যারা উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছেন, তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তাদের বাসস্থান ও কর্মস্থলের নিকটবর্তী বোমা আশ্রয়কেন্দ্রে প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং বিমান হামলার সাইরেন শোনামাত্র অবিলম্বে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস। 

এছাড়াও বুধবার মিশরের দক্ষিণ সিনাই প্রদেশের তাব্বা সীমান্ত ক্রসিং দিয়ে হংকং, ম্যাকাও এবং তাইওয়ানসহ চীনা নাগরিকদের একটি দলকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস। 

সূত্র: গ্লোবাল টাইমস