images

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ ২০২৬, ০৬:৩৬ পিএম

ইরানের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলে দাবি করে দেশটির বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা পাঁচদিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগ হয়নি বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ। 

ওই কর্মকর্তা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয়নি, এমনকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়’।

তিনি আরও দাবি করেন, “ইরান উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে—এমন সতর্কবার্তা পাওয়ার পরই ট্রাম্প ‘পিছু হটেছেন’।”

এরআগে সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার শত্রুতা পুরোপুরি ও সার্বিক সমাধানের ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তেহরানের সঙ্গে এই গভীর, বিশদ এবং গঠনমূলক আলোচনায় তাদের সুর ও মেজাজের উপর ভিত্তি করে, যা সপ্তাহজুড়ে চলবে, আমি যুদ্ধ মন্ত্রণালয়কে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।’ 

এদিকে আলোচনার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি। 


সূত্র: আলজাজিরা

এমএইচআর