আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম
চলমান সংকটকালে উপসাগরীয় দেশগুলোর পাশে না দাঁড়ানোয় প্রভাবশালী আরব ও মুসলিম দেশগুলোর সমালোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষ কর্মকর্তা আনোয়ার গারগাশ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ তাঁর পোস্টে আরব লিগ ও ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন)-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘যখন আমাদের জনগণ এবং রাষ্ট্রগুলো ইরানের এই হামলার মুখোমুখি, তখন আরব লিগ ও ওআইসি-সহ প্রধান ইসলামি প্রতিষ্ঠানগুলো কোথায়? কোথায় সেইসব ‘বড়’ আরব ও আঞ্চলিক দেশগুলো?’
আরও পড়ুন: ইরান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনি গ্রামগুলোতে চলছে হামলা
গারগাশ প্রভাবশালী দেশগুলোর নীরবতা ও নিষ্ক্রিয়তার বিষয়ে বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে অনুপস্থিতি ও অক্ষমতা অগ্রহণযোগ্য। এর ফলে ভবিষ্যতে আরব ও ইসলামি দেশগুলোর ভূমিকা হ্রাস পেতে পারে এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উপস্থিতি নিয়ে সমালোচনা করা কঠিন হয়ে পড়বে।’
তিনি আরও উল্লেখ করেন, উপসাগরীয় আরব দেশগুলো সবসময় সুসময়ে বিভিন্ন দেশের পাশে দাঁড়িয়ে এসেছে এবং অংশীদার হিসেবে কাজ করেছে। তিনি বলেন, ‘আজ এই বিপদের দিনে আপনারা কোথায়?’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনার আশা আইএইএ প্রধানের
আনোয়ার গারগাশের মতে, ইরানের এই ‘ভুল হিসাব-নিকাশের’ কারণে ওয়াশিংটনের সঙ্গে ইউএই-র নিরাপত্তা অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে। ইরানের বর্তমান পদক্ষেপের ফল হিসেবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সূত্র: সিএনএন