images

আন্তর্জাতিক

গালফ দেশের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি ইরানের

ঢাকা মেইল ডেস্ক

২৩ মার্চ ২০২৬, ১২:৫০ এএম

হরমুজ প্রণালি চালু করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়ার পর, তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।

গাল্ফ কান্ট্রি বা উপসাগরীয় দেশগুলো হলো পারস্য উপসাগরের উপকূলবর্তী মধ্যপ্রাচ্যের ছয়টি আরব রাষ্ট্র, যারা মূলত গাল্ফ কোঅপারেশনাল কাউন্সিলের (জিসিসি) সদস্য। এগুলো হলো— সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও বাহরাইন। এই দেশগুলো তাদের তেল-সমৃদ্ধ অর্থনীতি, অভিন্ন সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থানের জন্য পরিচিত। 

ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

সামাজিক মাধ্যম এক্স-এ মোহাম্মদ-বাঘের ঘালিবাফ লিখেছেন, সেক্ষেত্রে জরুরি অবকাঠামো, জ্বালানি এবং তেলক্ষেত্র – সবই হবে ইরানের ‘বৈধ টার্গেট’।

এছাড়া বিশ্বজুড়ে তেলের দাম অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেছেন ইরানের স্পিকার।

এর আগে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেছেন, এই সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো 'ধ্বংস' বা 'নিশ্চিহ্ন' করে দেবে। -বিবিসি 

ক.ম/