images

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানবতার জন্য ‘কলঙ্ক’: পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট প্রাণহানি ও দুর্ভোগকে পুরো ‘মানব পরিবারের জন্য একটি কলঙ্ক’ হিসেবে অভিহিত করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও। একইসঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জোরালো আহ্বান জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের

রোববার (২২ মার্চ) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে সাপ্তাহিক ‘অ্যাঞ্জেলাস’ প্রার্থনাকালে পোপ জানান, তিনি গভীর ‘হতাশা’ ও শঙ্কার সঙ্গে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সংঘাতপূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, ‘এসব দ্বন্দ্বে অসংখ্য মানুষের দুর্ভোগ এবং অসহায় শিকারদের দেখে আমরা চুপ থাকতে পারি না। তাদের যে কোনো ক্ষত বা কষ্ট আসলে পুরো মানবজাতিরই কষ্ট।’

শান্তির পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমি আবারও সবাইকে নিরবচ্ছিন্নভাবে প্রার্থনা চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে সব ধরনের শত্রুতা বন্ধ হয়ে যায় এবং আন্তরিক সংলাপ ও প্রতিটি মানুষের মর্যাদার প্রতি সম্মানের ভিত্তিতে শান্তির পথ যেন খুলে যায়’। 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যৌথভাব ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি গত কয়েক দিনে এসব দেশের সরকারি ভবন ও জ্বালানি অবকাঠামোগুলোতেও বেশ কয়েক দফা হামলা করেছে তেহরান। যুদ্ধ ইতোমধ্যেই চার সপ্তাহে প্রবেশ করেছে। 

এমএইচআর