images

আন্তর্জাতিক

‘পাকিস্তানে কেউ হামলা করলে বোমা পড়বে মুম্বাই, দিল্লিতে!’ 

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

‘কোনও দেশ যদি পাকিস্তানে হামলা করে পাল্টা জবাবে মুম্বাই-দিল্লির মতো ভারতের প্রধান শহরগুলোতে হামলা হবে’— ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিতের এমন বিস্ফোরক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে পাকিস্তান-আফগানিস্তান এবং মধ্যপ্রাচে চলমান যুদ্ধ পরিস্থিতিতে তার এই বিস্ফোরক মন্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

এক টিভি অনুষ্ঠানে কাল্পনিক এক যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় আব্দুল বাসিত বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে আক্রমণ চালায় তবে আমরা ভারতের মুম্বাই, দিল্লির মতো শহরে হামলা করতে দু'বার ভাবব না। পরে কী হবে পরে দেখা যাবে।’

যদিও এটিকে তিনি ‘চরম অসম্ভাব্য পরিস্থিতি’ বলে বর্ণনা করেছেন, তবু বারবার একই বক্তব্যে ফিরে আসেন। 

সাবেক পাক হাইকমিশনার আরও বলেন, ‘যদি কেউ পাকিস্তানের দিকে খারাপ উদ্দেশ্য নিয়ে তাকায় তবে পাকিস্তানের কাছেও ভারতকে টার্গেট করা ছাড়া আর উপায় থাকবে না। যদিও দুই দেশের কেউই এটা চায় না, কিন্তু সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর করবে।’

এদিকে আব্দুল বাসিত তার এই মন্তব্যে ভারতীয় শহরগুলোর নাম সরাসরি উল্লেখ হওয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সোশ্যাল প্ল্যাটফর্মজুড়ে আলোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলছেন, একজন সাবেক কূটনীতিক কীভাবে এমন দায়সারা ও উস্কানিমূলক মন্তব্য করতে পারেন।

আব্দুল বাসিত ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দিল্লিতে দায়িত্বে ছিলেন তিনি। দুই দেশের জটিল দ্বিপাক্ষিক সম্পর্কের সময় তিনি যে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন, তাই তার বক্তব্য স্বাভাবিকভাবেই আরও নজর কেড়েছে।

এই বিতর্ক তৈরি হয়েছে এমন এক সময়ে, যখন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের টানাপড়েন বেড়েছে। কাবুল, কান্দাহার-সহ দেশটির প্রধান শহরগুলোতে বিমান হামলা চালাচ্ছে পাকিস্তান। সীমান্তে পাল্টা হামলা অব্যাহত রেখেছে আফগানিস্তানও। এর ফলে দীর্ঘ কয়েক মাস ধরে চলা দুই প্রতিবেশী দেশের সীমান্ত উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে।

তালিবান সরকারের মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তানের এসব হামলায় ব্যাপক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখনও এসব অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি, তবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আব্দুল বাসিতের মন্তব্য যদিও একটি যুদ্ধের কল্পিত পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ, তবুও বর্তমান সময়ে এমন বক্তব্য অপ্রত্যাশিত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশেষ করে যখন ভারত-পাকিস্তান সম্পর্ক আগেই সংবেদনশীল অবস্থায় দাঁড়িয়ে। এ বিষয়ে ভারত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। 

সূত্র: টাইম অব ইন্ডিয়া, দ্য ওয়াল


এমএইচআর