images

আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের সর্বোচ্চ নেতার

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ ২০২৬, ১০:৫৪ পিএম

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্ততা করতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। 

শুক্রবার ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে এই প্রস্তাব দেন ইরানের সর্বোচ্চ নেতা। 

আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, ‘আমরা আমাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশীদের খুব কাছের বলে মনে করি। আমি আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশ, আফগানিস্তান ও পাকিস্তানকে একে অপরের সঙ্গে আরও ভালো সম্পর্ক স্থাপন করার আহ্বান জানাচ্ছি... এবং আমি নিজেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।’

গত মাসের শেষর দিকে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দেশটির প্রধান শহরগুলোতে বিমান হামলা চালাচ্ছে পাকিস্তান। সীমান্তে পাল্টা হামলা অব্যাহত রেখেছে আফগানিস্তানও। এর ফলে দীর্ঘ কয়েক মাস ধরে চলা দুই প্রতিবেশী দেশের সীমান্ত উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। উভয় দেশই সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। 

আফগান ও পাক কর্মকর্তারা জানান, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানি সীমান্ত বাহিনীর ওপর হামলার জবাবে সীমান্তজুড়ে বিভিন্ন সেক্টরে তালেবানের সামরিক পোস্ট, সদর দফতর ও গোলাবারুদ ডিপো লক্ষ্য করে আকাশ ও স্থলপথে হামলা চালানো হয়েছে।

মূলত, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর নেতাদের লক্ষ্য করে আফগানিস্তানে বিমান হামলার চালায় পাকিস্তান। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে ওঠে। এর আগে, গত বছরের অক্টোবরে দুই দেশের সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হয়। সে সময় তুরস্ক, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে সেটি শেষ পর্যন্ত টেকসই হয়নি।

সূত্র: আলজাজিরা

এমএইচআর