আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস।
শুক্রবার কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদ সম্মেলন করে ইশতেহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ইশতেহারে ১০টি প্রতিশ্রুতির কথা বলেছেন তিনি। এর মধ্যে রয়েছে, নারীদের জন্য মাসিক ভাতা ও বেকার যুবকদের জন্য 'বাংলার যুব সাথী' নামে ভাতা প্রকল্প। কৃষকদের জন্য উন্নয়ন ও প্রতিটি ঘরে পানীয় জলের সরবরাহ সুরক্ষিত করার আশ্বাস দিয়েছেন তিনি।
এচাড়াও প্রত্যেক মানুষের জন্য সরকারি চিকিৎসা সুনিশ্চিত করতে প্রতিটি ছোট শহর ছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ক্যাম্প করার ঘোষণা দিয়েছেন তিনি। চিকিৎসা সংক্রান্ত ঘোষণাকেই এই ইশতেহারের সবচেয়ে বড় 'প্রমিস' বলে মনে করা হচ্ছে।
কলকাতাকে পূর্ব ভারত তথা বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলেছেন মুখমন্ত্রী। এ ছাড়াও শিক্ষা, বাসস্থান ও প্রশাসনিক সুবিধা মানুষের কাছে আরও সুবিধাজনকভাবে পৌছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। ঈদের পরেই তিনি দলীয় প্রচারে নামবেন বলে জানিয়েছেন।
এরআগে গত মঙ্গলবার বিধানসভার ২৯১ আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রথম তালিকায় যেখানে একটিও সংখ্যালঘু বা মুসলিম মুখ নেই, সেখানে তৃণমূলের ২৯১ জন প্রার্থীর মধ্যে ৪৭ জন মুসলিম প্রার্থী রয়েছেন।
এদিকে ২০২৬ সালে এসআইআর পরবর্তী পরিস্থিতিতে অঙ্ক ঘুরে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে প্রার্থী তালিকা ঘোষণার আগেই জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ এবার ২২৬ টিরও বেশি আসনে জিতব। ১০০টিরও বেশি স্কিম আছে তৃণমূল সরকারের, তৃণমূল ক্ষমতায় না এলে টাকা পাওয়া যাবে না।’
প্রসঙ্গত, ভারতের নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে, এবার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হবে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। আর ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
এমএইচআর