images

আন্তর্জাতিক

ভয়েস অব আমেরিকা পুনরায় চালুর নির্দেশ মার্কিন আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) বন্ধ করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি ‘অবৈধ’ ছিল বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। রায়ে এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমটিকে পুনরায় চালু করতে কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন বিচারক। একই সাথে চাকরিচ্যুত সাংবাদিকদেরও পুনর্বহালের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ডিস্ট্রিক্ট কোর্ট এর বিচারক রয়েস ল্যামবারথ এই আদেশ দেন।

১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর প্রচারণার জবাব দিতে ভয়েস অব আমেরিকা বা ভিওএ প্রতিষ্ঠা করা হয়েছিল। প্র্রেসিডেন্ট পদে ফেরার ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই একটি নির্বাহী আদেশে সম্প্রচারমাধ্যমটি বন্ধের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প।

তার প্রশাসনের পক্ষ থেকে, ভিওএর বিরুদ্ধে বামঘেষা পক্ষপাতের অভিযোগ তোলা হয়। একইসঙ্গে রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও ফ্রি এশিয়ার মতো সংস্থাগুলোকেও “আইনের সীমার ভেতরে যতটা সম্ভব বাতিল” করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।

মঙ্গলবার দেয়া রায়ে বিচারক বলেন, সাংবাদিকদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত ছিল খেয়ালখুশিমতো ও অযৌক্তিক। তিনি আরও উল্লেখ করেন, সরকার ভিওএ কোন ভাষা ও অঞ্চলে সম্প্রচার চালাবে এ সংক্রান্ত আইনগত বাধ্যবাধকতা বিবেচনায় নেয়নি।

এই মামলাটি করেছিলেন ভিওএ’র তিনজন সাংবাদিক। তাদের একজন প্যাস্টি উইডাকুসওয়ার রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা আশা করি, আমেরিকান জনগণ আমাদের সাংবাদিকতার মিশনকে সমর্থন করে যাবে। প্রচার নয়, সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য।

প্রমঙ্গত, ভয়েস অব আমেরিকার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটি 'ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া' (USAGM) দ্বারা পরিচালিত হয় এবং মার্কিন কংগ্রেস থেকে এর অর্থায়ন আসে। বন্ধ হওয়ার আগে ভিওএ প্রায় ৫০টি ভাষায় টেলিভিশন, রেডিও এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ, তথ্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করত। ১৯৫৮ সাল থেকে ভয়েস অফ আমেরিকা বাংলা ভাষায় সংবাদ প্রচার করে আসছে। 

সূত্র: বিবিসি


এমএইচআর