images

আন্তর্জাতিক

তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ ২০২৬, ০৪:০৪ পিএম

চলতি বছরের শুরুতে অর্থনৈতিক মন্দার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের সময় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। 

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) ধর্মীয় শহর কোমে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিচার বিভাগ জানিয়েছে, ওই তিনজন ৮ জানুয়ারির বিক্ষোভ চলাকালে ছুরি ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে হামলায় অংশ নিয়েছিল, যাতে দুজন পুলিশ কর্মকর্তা নিহত হন। আসামিদের বিরুদ্ধে হত্যা এবং ‘মোহারেবেহ’ বা ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ করার অভিযোগ প্রমাণিত হয়েছে, যার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।

তবে সাজাপ্রাপ্তদের নাম-পরিচয় প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত এইগুলোই সম্ভবত প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষিত মৃত্যুদণ্ড। 

এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হলে তেহরানকে ‘খুব কঠোর পদক্ষেপের’ মুখে পড়তে হবে। পরে উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের জেরে প্রায় ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করে ইরান। 

সেই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, ‘গ্রেফতার বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই ইরানের।’ কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর, ইরান হুঁশিয়ারি দিয়েছে যে বিক্ষোভ পুনরায় শুরু হলে বিক্ষোভকারীদের জন্য আরও কঠোর পরিণতি অপেক্ষা করছে।

উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। 

বিক্ষোভ দমনে ইতোমধ্যে ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক বন্ধ এবং সেই সঙ্গে দেশজুড়ে মোতায়েন পুলিশ-নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোতায়েন করেছে সেনাবাহিনী। এরপর থেকে ধীরে ধীরে বিক্ষোভ কমে যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন— এইচআরএএনএ-এর তথ্য অনুযায়ী, এই বিক্ষোভ চলাকালীন সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে প্রায় ৬ হাজার ৪৮৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়াও ২২ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। 

 

সূত্র: রয়টার্স


এমএইচআর