images

আন্তর্জাতিক

লেবানন সীমান্তে ইসরায়লি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর ভয়াবহ সংঘর্ষ 

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম

দক্ষিণ লেবাননে সীমান্ত এলাকায় দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, সীমান্তবর্তী ওদাইসসেহ-তাইবেহ অক্ষে সংঘর্ষ চলছে, এটি একটি কৌশলগত এলাকা যেখানে সম্প্রতি উল্লেখযোগ্য সামরিক তৎপরতা শুরু করে ইসরায়েল।

এনএনএর একজন সংবাদদাতা জানিয়েছেন, ‘শত্রুরা (ইসরায়েল) ব্যারেজ শেলিং এবং গুলিবর্ষণের মধ্য দিয়ে লেবাননের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে। দক্ষিণ সীমান্তবর্তী শহর ইয়ারুন এবং মারুন আল-রাসের কাছে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যানকে অগ্রসর হতে দেখা গেছে।’

এরআগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে স্থল অভিযানের শুরুর ঘোষণা দেয় করেছে ইসরায়েলের সেনাবাহিনী। আজ সেনাবাহিনীর ৯১তম ব্রিগেড এ অভিযান শুরু করেছে বলে এক বার্তায় জানিয়েছে 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েল রাষ্ট্র ও তার নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি হিজবুল্লার বিরুদ্ধে গত কিছুদিন ধরে অভিযান চালাচ্ছে বিমানবাহিনী। সেই অভিযানের ধারাবাহিকতায় আজ সোমবার থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনীর ৯১তম ব্রিগেড।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও আরব দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আর ইরানকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালালে সংঘাতের প্রভাব লেবাননেও ছড়িয়ে পড়ে। হিজবুল্লাহ হামলার জবাবে লেবাননের রাজধানী বৈরুতেসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৬ জনে। একই সময়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে।

সূত্র: আলজাজিরা

এমএইচআর