images

আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেফতার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ।

ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রোববার ইরানের পুলিশ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদরেজা রাদান বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে গোপনে গোয়েন্দা তথ্য পাঠানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।  

তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে অন্তত ২৫০ জনের বিরুদ্ধে লন্ডন-ভিত্তিক ইরান ইন্টারন্যাশনালকে তথ্য প্রদানে অভিযোগ রয়েছে, যার মধ্যে লক্ষ্যবস্তু স্থান সম্পর্কে তথ্যও ছিল। এছাড়াও গ্রেফতারকৃতদের মধ্যে অনেকে একাধিক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত, যারা জনবিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। 

সরকার বিরোধী বিক্ষোভ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২০২২ সালে ইরান ইন্টারন্যাশনালকে ‘সন্ত্রাসী সংস্থা’ হিসেবে মনোনীত করে ইরান। একই সঙ্গে ইরানে সংবাদমাধ্যমটির কর্মীদের সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দেয়।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে  অব্যাহত যৌথ হামলার মধ্যেই এই গ্রেফতারের ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এ পর্যন্ত তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১,৩০০ জন নিহত হয়েছেন। জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। 

সূত্র: আনাদোলু 

এমএইচআর