images

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট, শুরু ২৩ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ এ তফসিল ঘোষণা করে।

পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাডু, কেরালা আর কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরিতেও বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।

আসাম, কেরালা, তামিলনাডু ও কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরিতে ভোট নেওয়া হবে নয়ই এপ্রিল, তামিলনাডুর ভোট ২৩শে এপ্রিল। চৌঠা মে এই চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনা হবে বলে জানানো হয়েছে।

তফসিল ঘোষণার পর সোমবারই রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর।

২০২১ সালের বিধানসভা নির্বাচন আট দফায় অনুষ্ঠিত হলেও এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হবে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা করা হবে ৪ মে।

কমিশন সূত্রে জানা গেছে, ভোটের দফা কম হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক সহিংসতার বিষয়টি বিবেচনায় রেখে বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

নির্বাচন কমিশন জানিয়েছে, চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ১৭ কোটি ৪০ লাখ। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় ৬ কোটি ৪৪ লাখ ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লাখ, নারী ভোটার ৩ কোটি ১৬ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ১৫২ জন।

সব মিলিয়ে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮২৪টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এআর