images

আন্তর্জাতিক

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ১০:২২ পিএম

ইরান যুদ্ধে অংশ নেওয়া সময় ইরাকে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানিবাহী (রিফুয়েলিং) বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের ৬ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। 

শুক্রবার সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে সেন্টকম জানিয়েছে, ‘ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানের ছয় ক্রু সদস্যের সবার মৃত্যু এখন নিশ্চিত করা হয়েছে’।

বিমানটিতে পাইলটসহ মোট ৬ জন আরোহী ছিলেন। এর আগে বিমানটির চার ক্রু সদস্যের মৃত্যুর কথা ঘোষণা করেছিল সেন্টকম।

মার্কিন সেনাবাহিনীর দাবি, কোনো শত্রুর বা ভুলক্রমে ছোড়া গুলিতে বিমানটি বিধ্বস্ত হয়নি, এটি একটি মারাত্মক দুর্ঘটনা। কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো— তা তদন্ত করা হচ্ছে। এছাড়া এই ঘটনার সময় কাছেই থাকা অন্য বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেও জানায় সেন্টকম।

এদিকে মার্কিন বিমানটি ভূপাতিত করার দাবি করে বিবৃতি দিয়েছে ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করে, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ব্যবহারের মাধ্যমে জোটের যোদ্ধারা মার্কিন জ্বালানিবাহী বিমানটিকে ভূপাতিত করেছে। করেছে।

প্রসঙ্গত, মার্কিন বিমান বাহিনীর বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার (Boeing KC-135 Stratotanker) হলো একটি বিশেষায়িত সামরিক বিমান, যা মূলত মাঝ-আকাশে অন্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের (Aerial Refueling) জন্য ব্যবহৃত হয়। ১৯৫৭ সাল থেকে এটি মার্কিন বিমান বাহিনীর সেবায় নিয়োজিত এবং বর্তমানে এটি বৈশ্বিক সামরিক অভিযানের একটি মেরুদণ্ড হিসেবে পরিচিত। 

সূত্র: আলজাজিরা, বিবিসি

এমএইচআর