images

আন্তর্জাতিক

ইরানি হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করলে কঠিন শাস্তি দেবে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

ইরানের হামলায় ক্ষয়ক্ষতি বা অন্যান্য ঘটনার ছবি প্রকাশ করলে ‘জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসন’ দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে নিজ দেশের নাগরিকদের এ বিষয়ে সতর্ক করেছে ইরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস।

ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ঘটনাস্থল বা প্রজেক্টাইলের ক্ষতির পাশাপাশি সরকারি ভবন এবং কূটনৈতিক মিশনের ছবি তোলা, পোস্ট করা বা শেয়ার করার বিরুদ্ধে সতর্ক করেছে’।

দূতাবাস সতর্ক করে দিয়েছে, ‘ব্রিটিশ নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতের আইনের আওতাধীন এবং আইন লঙ্ঘনের ফলে জরিমানা, কারাদণ্ড বা নির্বাসন হতে পারে।’

সম্প্রতি শহরের ওপর দিয়ে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ছবি তোলার অভিযোগে দুবাইতে ৬০ বছর বয়সী এক ব্রিটিশ ব্যক্তির বিরুদ্ধে সাইবার-অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে বলেও জানা গেছে।

মুলত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে কর্তৃপক্ষ অনলাইনে উস্কানিমূলক বা প্রদাহজনক তথ্যের প্রচার রোধে নজরদারি জোরদার করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও ধারণ এবং ইরানপন্থী পোস্ট শেয়ার করার অভিযোগে একজন বাংলাদেশি নাগরিকসহ ছয় প্রবাসীকে গ্রেফতার করেছে বাহরাইনের কর্তৃপক্ষ।

এরআগে ইরানের হামলার ছবি এবং ‌‌বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে বিভিন্ন দেশে নাগরিকসহ ৩১৩ জনকে গ্রেফতার করে কাতার কর্তৃপক্ষ। এছাড়াও কুয়েত কর্তৃপক্ষও গত ৭ মার্চ দেশটির পরিস্থিতি নিয়ে উপহাস করে ভিডিও তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে সংবেদনশীল ছবি শেয়ার করা বা অনির্ভরযোগ্য তথ্য পুনরায় প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করে বাসিন্দাদের মাঝে খুদে বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই ধরনের সতর্কতা জারি করেছে সৌদি আরবও। 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যৌথভাব ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি গত কয়েক দিনে এসব দেশের সরকারি ভবন ও জ্বালানি অবকাঠামোগুলোতেও বেশ কয়েক দফা হামলা করেছে তেহরান। 

সূত্র: বিবিসি

এমএইচআর