আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১১:০১ পিএম
লোহিত সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মার্কিন নাবিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই।
এক এক্স বার্তায় সেন্টকম বলছে, জাহাজের প্রধান লন্ড্রি এলাকায় কাপড় ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। তবে এ আগুনে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এটির চলাচলের সক্ষমতাও অক্ষুন্ন আছে। আর যে দুজন নাবিক আহত হয়েছেন তাদের অবস্থাও স্থিতিশীল।
‘বিমানবাহী রণতরীটি সম্পূর্ণরূপে সচল রয়েছে’— বলেও জানায় সেন্টকম।
প্রসঙ্গত, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’কে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
গত জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ক্ষেত্রে ফোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ক্যারিবীয় সাগরে মোতায়েন থাকা সর্বাধুনিক রণতরীটিকে দ্রুত মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেয় পেন্টাগন। এর পর থেকে বেশ কয়েক দিন এটি ভূমধ্যসাগরে অবস্থান করছিল।
উল্লেখ্য, পারমাণবিক শক্তিচালিত এই বিশাল রণতরীটি ৭৫টির বেশি যুদ্ধবিমান বহন করতে পারে। প্রায় ১১০৬ ফুট লম্বা এবং ১ লাখ টনেরও বেশি ওজনের ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে বর্তমানে ৫ হাজারের বেশি নাবিক কাজ করছে।
সূত্র: আলজাজিরা
এমএইচআর