Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে টু-স্টেপ ভেরিফিকেশন চালুর নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ মার্চ ২০২৬, ০১:৪৩ পিএম

ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সাইবার অপরাধীদের হাত থেকে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকা জরুরি। জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নিরাপদ রাখার অন্যতম সেরা উপায় হলো টু-স্টেপ ভেরিফিকেশন বা দ্বি-স্তর বিশিষ্ট প্রমাণীকরণ চালু করা।

হ্যাকাররা অনেক সময় ভুয়া ওটিপি বা সিম ক্লোনিংয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের চেষ্টা করে। কিন্তু অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে কেউ আপনার অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগইন করার চেষ্টা করলেও সফল হতে পারবে না। লগইন করার সময় হোয়াটসঅ্যাপের পাঠানো সাধারণ ওটিপির পাশাপাশি আপনার সেট করা ছয় সংখ্যার একটি গোপন পিন নম্বর প্রদান বাধ্যতামূলক থাকে। এমনকি নির্দিষ্ট সময় পর পর অ্যাপ ব্যবহারের সময়ও এই পিনটি মনে করিয়ে দেয় হোয়াটসঅ্যাপ, যা অ্যাকাউন্টকে সম্পূর্ণ সুরক্ষিত রাখে।

খুব সহজেই কয়েকটি ধাপে হোয়াটসঅ্যাপে এই নিরাপত্তা ফিচারটি চালু করা সম্ভব। প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে ওপরের কোণায় থাকা তিনটি ডটে ক্লিক করে 'সেটিংস' অপশনে যেতে হবে। এরপর সেখান থেকে 'অ্যাকাউন্ট' ট্যাপ করে 'টু-স্টেপ ভেরিফিকেশন' অপশনটি বেছে নিতে হবে। পরবর্তীতে 'টার্ন অন' বা 'চালু করুন' বোতামে ক্লিক করে আপনার পছন্দমতো ছয় সংখ্যার একটি গোপন পিন নম্বর সেট করতে হবে এবং তা নিশ্চিত করার জন্য পিনটি পুনরায় লিখতে হবে। নিরাপত্তার স্বার্থে এখানে একটি ইমেইল ঠিকানা যুক্ত করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ, কারণ কোনো কারণে আপনি পিন নম্বর ভুলে গেলে এই ইমেইলের মাধ্যমেই তা পুনরুদ্ধার করা সম্ভব হবে।

সামান্য সচেতনতা এবং এক মিনিটের এই ছোট প্রক্রিয়াটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে হ্যাকারদের নাগালের বাইরে রাখতে সাহায্য করবে। তাই এখনই আপনার অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন অন করে ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করুন।