আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম
‘ইরানে লক্ষ্যবস্তু করার মতো আর কিছুই অবশিষ্ট নেই, ফলে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে’— বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ ‘দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে’ এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষতি করেছে। এখানে-ওখানে সামান্য কিছু লক্ষ্যবস্তু অবশিষ্ট থাকতে পারে... তবে আমি যখনই চাইব, এটি শেষ হবে, তখনই এটি শেষ হয়ে যাবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা সময়সূচীর চেয়ে অনেক এগিয়ে আছি। এমনকি মূল ছয় সপ্তাহের পরিকল্পনায় যতটুকু সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও অনেক বেশি ক্ষয়ক্ষতি আমরা করতে পেরেছি।’
ট্রাম্প বলেন, ইরান শুধু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকেই হুমকি দিচ্ছিল না, বরং তারা পুরো মধ্যপ্রাচ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় ছিল। গত ৪৭ বছর ধরে তারা যে মৃত্যু ও ধ্বংসলীলা চালিয়েছে, এখন তারই মাশুল দিচ্ছে। এটি ছিল তাদের কর্মের ফল। তারা এত সহজে পার পাবে না।
এরআগে গত সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে মার্কিন সেনাবাহিনীর ইরানে 'অভিযান' কতদিন চলবে— এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ অভিযান 'শিগগির' শেষ হবে, তবে এই সপ্তাহে নয়।
তিনি বলেন, ‘আমি মনে করি শিগগিরই। ইরানের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, তাদের নেতৃত্বসহ’।
এদিকে চলমান যুদ্ধে শেষ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে নয়, তা সম্পূর্ণভাবে ইরানের হাতে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ট্রাম্পের যুদ্ধের সময়সীমা সম্পর্কিত মন্তব্যের জবাবে মঙ্গলবার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়িনী বলেন, যুদ্ধে সমাপ্তি ঠিক করার ক্ষমতা তাদের হাতে, ওয়াশিংটনের নয়।
ট্রাম্পের মন্তব্য ‘মিথ্যা ছাড়া আর কিছু নয়’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ভুয়া সামরিক সাফল্য তৈরি করার চেষ্টা করছেন, অথচ তারা ইতোমধ্যেই বিব্রতকর পরাজয়ের মুখোমুখি হয়েছে।’
তাসনিম নিউজ এজেন্সিকে নায়িনী বলেন, ‘আমরাই এই যুদ্ধে সমাপ্তি ঠিক করব। আমরা জানি আপনার গোলাবারুদ শিগগিরই শেষ হতে চলেছে এবং আপনি মর্যাদাপূর্ণভাবে যুদ্ধে বেরিয়ে আসার পথ খুঁজছেন। কেন আপনি মার্কিন জনগণকে সত্য বলছেন না? ট্রাম্প চান না, আমেরিকানরা জানুক, পারস্য উপসাগর অঞ্চলের সমস্ত মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।’
এছাড়াও ট্রাম্প প্রশাসনের সমালোচকদের অভিযোগ, যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের লক্ষ্য বারবার পরিবর্তিত হয়েছে। বিভিন্ন মতামত জরিপে দেখা গেছে, অনেক মার্কিন নাগরিক এ সংঘাতের বিরোধিতা করছেন।
সূত্র: অ্যাক্সিওস, আলজাজিরা
এমএইচআর