images

আন্তর্জাতিক

তুরস্কের উপকূলে অভিবাসী নৌকায় কোস্টগার্ডের জাহাজের ধাক্কা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ ২০২৬, ১০:০৪ পিএম

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আন্তালিয়া প্রদেশের উপকূলে এক নৌ দুর্ঘটনায় অন্তত ১৪ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) তুরস্কের কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন সমুদ্রে টহলরত তুর্কি কোস্টগার্ডের একটি জাহাজের সঙ্গে অভিবাসীবাহী একটি নৌকার সংঘর্ষের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। 

এতে আরো বলা হয়েছে, সোমবার ভোরে আন্তালিয়ার ফিনিক উপকূলের কাছে দ্রুত গতিতে চলতে থাকা অভিবাসীবাহী নৌকাটিকে শনাক্ত করা হয়। নৌকাটিকে থামার জন্য বারবার সতর্ক করা হয়। কিন্তু কোস্টগার্ডের নির্দেশনা এড়িয়ে নৌকাটি দ্রুত ছুটে যাওয়ার চেষ্টা করতে থাকে। নৌকাটিকে ধাওয়া দিতে গেলে কোস্টগার্ডের জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। 

এ ঘটনায় ১৪ জন অভিবাসনপ্রত্যাশী পানিতে ডুবে মারা গেছেন। ছয় জন অভিবাসনপ্রত্যাশীসহ তুরস্কের একজন নাগরিককে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। আর কোস্টগার্ডের বাধা উপেক্ষা করে তীরে ফিরে আসতে সক্ষম হওয়া আরো ১৫ জনকেও আটক করা হয়েছে।

নৌকায় থাকা অভিবাসীরা আফগানিস্তানের নাগরিক বলে জানা গেছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর হুলুসি শাহিন বলেছেন, ঘটনাটি আন্তালিয়া প্রদেশের দেমরে উপকূলের কাছে ঘটেছিল। আফগান নাগরিকবাহী নৌকাটিকে থামতে বলা হয়েছিল। কিন্তু নৌকাটি সেই নির্দেশ অমান্য করে।

তিনি আরও জানিয়েছেন, কোস্টগার্ডের সদস্যরা সাত জনকে সমুদ্র থেকে উদ্ধারের পর তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই দুর্ঘটনায় আরো কোনো অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ আছেন কিনা, তা নিশ্চিত হতে স্থল, সমুদ্র ও আকাশপথে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে তুরস্ক।

আনাদোলু জানিয়েছে, এই ঘটনায় বিচারিক ও প্রশাসনিক তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

এমএইচআর