images

আন্তর্জাতিক

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ ২০২৬, ০৮:২২ এএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে।

বক্তব্যের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে এক ঘণ্টার মতো কথা বলেন ট্রাম্প। পরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিন মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে সহায়তা করতে ইচ্ছুক।

ডোনাল্ড ট্রাম্পের দাবি, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানজুড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মজুদ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আজ থেকে আমরা তাদের ড্রোন তৈরির প্রতিটি আস্তানা সম্পর্কে জানি এবং সেগুলো একটার পর একটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ১০ শতাংশ বা তারও নিচে নেমে এসেছে।’

সাংবাদ সম্মেলনে তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানান তিনি। বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’

তবে কী কী নিষেধাজ্ঞা তোলা হবে, কাদের ওপর থেকে তোলা হবে, এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

হরমুজ প্রণালী বন্ধ করায় ইরানকেও হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি সরাসরি বলেন, ‘তেল সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা বিশ্বকে বন্দি করার কথা ভাবছে ইরানের সন্ত্রাসী সরকার। এর ফল ভুগতে হবে।’

তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রেই প্রবল চাপের মুখে পড়েছেন ট্রাম্প। চলতি বছরেই মিড টার্ম নির্বাচন আছে। তার আগে পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। ট্রাম্পের দাবি, ‘এই মূল্যবৃদ্ধি স্বল্পমেয়াদি। যুদ্ধ শেষ হলেই দাম আবার কমে যাবে।’

এমআর