Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

গুগল ম্যাপে দীর্ঘ রাস্তা দেখাচ্ছে? মোবাইলের এই সেটিংস বদলে নিন এখনই

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৮ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম

দৈনন্দিন যাতায়াতে গুগল ম্যাপ আমাদের অন্যতম ভরসার জায়গা হলেও অনেক সময় এটি দ্রুততম পথের বদলে তুলনামূলক দীর্ঘ বা বেশি যানজটযুক্ত রুট দেখিয়ে থাকে। একটু সচেতন হয়ে মোবাইলের নির্দিষ্ট একটি সেটিং বদলালেই এই সমস্যার সমাধান মিলতে পারে।

গুগল ম্যাপ প্রায়ই জ্বালানি সাশ্রয়ী রুটকে প্রাধান্য দেওয়ায় এমনটি ঘটে থাকে। অ্যাপটিতে থাকা 'ফিউয়েল-এফিশিয়েন্ট রুটস' ফিচারের মূল লক্ষ্য হলো গাড়ির জ্বালানি খরচ কমানো। ফলে গন্তব্যে পৌঁছানোর সময়ের ব্যবধান খুব কম হলে ম্যাপ এমন পথ বেছে নেয় যেখানে তেল বা জ্বালানি কম খরচ হয়।

অনেকেই ম্যাপে গন্তব্য সেট করার পর অন্য কোনো বিকল্প না দেখে প্রথম দেখানো রুটটিই অন্ধের মতো অনুসরণ করেন। অথচ একটু খেয়াল করলেই স্ক্রিনে একাধিক রুট দেখা যায়, যেখান থেকে নিজের পছন্দমতো পথ বেছে নেওয়া সম্ভব।

আপনি যদি সবসময় দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাতে চান, তবে খুব সহজেই এই ফিচারটি নিয়ন্ত্রণ করতে পারেন। এর জন্য প্রথমে গুগল ম্যাপ খুলে সেটিংসে যেতে হবে এবং সেখান থেকে ন্যাভিগেশন অপশনটি নির্বাচন করতে হবে। এরপর একটু নিচে স্ক্রল করলেই 'প্রেফার ফিউয়েল-এফিশিয়েন্ট রুটস' অপশনটি দেখতে পাবেন, যা অফ করে দিলেই ম্যাপ আপনাকে সবসময় সবচেয়ে দ্রুততম রাস্তাটি দেখাবে।

তবে এই সেটিং বন্ধ করতে না চাইলে ম্যাপের অন্যান্য নির্দেশনা খেয়াল রাখতে পারেন। গুগল ম্যাপে যেসব রুটের পাশে সবুজ পাতার আইকন বা লোগো থাকে, সেগুলোকে জ্বালানি সাশ্রয়ী রুট হিসেবে চিহ্নিত করা হয়। ফলে বিভিন্ন পথের দূরত্ব ও সময় যাচাই করে আপনার জন্য কোনটি সবচেয়ে সুবিধাজনক, তা আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন।

এজেড