images

আন্তর্জাতিক

কুয়েতের বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ ২০২৬, ১১:১৯ এএম

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটি বলেছে, হামলায় বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংককে লক্ষ্য করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা চালানো হয়েছে।

কুয়েতের পাশাপাশি সৌদি আরবেও একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। 

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সময় রোববার সকালে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ড্রোন ভূপাতিত করেছে।

এই তথ্যের প্রায় এক ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় পৌঁছানোর পর ইরানের আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানে তেল মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এই খবর নিশ্চিত করেছে। বিস্ফোরণের পর শহরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

আইডিএফের বক্তব্য অনুযায়ী, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি ‘উল্লেখযোগ্য হামলা’। তারা দাবি করেছে, ইরানের শাসকগোষ্ঠী এসব ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামোর কাজে ব্যবহার করে।

-এমএমএস