Dhaka Mail Logo

আন্তর্জাতিক

কয়েকজন মার্কিন সেনা আটকের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ ২০২৬, ১০:২৬ এএম

গত সপ্তাহে যুদ্ধে শুরুর পর থেকে ইরান কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে বলে দাবি করছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি।

শনিবার সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র এসব ঘটনা গোপন করার চেষ্টা করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, লারিজানি লিখেছেন, ‘আমাকে জানানো হয়েছে যে কয়েকজন আমেরিকান সেনাকে বন্দি করা হয়েছে। কিন্তু আমেরিকানরা দাবি করছে, তারা যুদ্ধে নিহত হয়েছে। তাদের সব ব্যর্থ চেষ্টা সত্ত্বেও সত্যকে বেশি দিন লুকানো সম্ভব নয়।’

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দাবিকে প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে। নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিনস বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠী মিথ্যা ছড়ানো ও বিভ্রান্তি তৈরির জন্য যা কিছু সম্ভব তা করছে। এটি তার আরেকটি স্পষ্ট উদাহরণ।’ সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্রও একই অবস্থান ব্যক্ত করেন এবং বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর দাবি মিথ্যা ও প্রতারণার আরেকটি উদাহরণ।’

গত শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরান।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আনুমানিক ১,৩৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ১৮০ জন শিশু। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মিনাব-এর একটি স্কুলে হামলায় এই শিশুদের মৃত্যু হয়েছে।

এমআর