আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম
ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে এবং এমন কোনো বিষয় নিয়ে এখনই কিছু ভাবছি না। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে।’
গত শনিবার ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। কয়েক দিন ধরে চলা সংঘাতে প্রাণ হারান সহস্রাধিক মানুষ।
জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এই যুদ্ধের শেষ পরিণতি কী হবে তা এখনো অজানা।
এমন অবস্থার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থল আক্রমণের জন্য প্রস্তুত।
তার বক্তব্যকে ‘অযথা মন্তব্য’ উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে ‘সাফ করে দিতে’ চান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে।’
এমআর