images

আন্তর্জাতিক

দুর্গম পাহাড়ে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

ভারতের আসামে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আসামের কারবি আংলং জেলায় একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তাদের মৃত্যু হয়।

নিহত পাইলটরা হলেন- স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুর্বেশ দূর্গাকর।

সামাজিক মাধ্যমে এক্সে আইএএফ শোক প্রকাশ করে জানিয়েছে, ‘আইএএফ-এর সকল সদস্য গভীর শোক জানাচ্ছে এবং এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে আছে।’

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। জোরহাট বিমানবন্দর থেকে উড্ডয়নের পর কয়েক মিনিটের মধ্যেই ৭টা ৪২ মিনিটে শেষবার যোগাযোগ হয়। পরে এটি ৬০ কিলোমিটার দূরে একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

স্থানীয়রা জানান, তারা পাহাড় থেকে একটি ভয়ানক বিস্ফোরণের শব্দ এবং অগ্নিপিণ্ড দেখেছেন।

india
নিহত দুই পাইলট স্কোয়াড্রন লিডার অনুজ (বায়ে) এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুর্বেশ দূর্গাকর।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এক্সে শোক প্রকাশ করে লিখেছেন, ‘তাদের সাহস এবং দেশের জন্য ত্যাগ আমরা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। এই শোকের সময় জাতি তাদের পরিবারের পাশে আছে।’

সুখোই সু-৩০ এমকেআই হল দুই-সিটের, দীর্ঘ-পরিসরের যুদ্ধবিমান, যা রাশিয়ার সুখোই সংস্থা তৈরি করেছে। ভারতীয় বিমানবাহিনীর জন্য এটি হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের লাইসেন্সে উৎপাদিত হচ্ছে। বিমানটি প্রথম আইএএফে ১৯৯৭ সালে অন্তর্ভুক্ত হয়। বর্তমানে আইএএফের ফ্লিটে ২৬০টিরও বেশি সু-৩০ এমকেআই রয়েছে।

এর আগে ২০২৪ সালের জুন মাসে মহারাষ্ট্রের নাসিকে এবং জানুয়ারি ২০২৩-এ মধ্যপ্রদেশের গ্বালিয়র বিমানবন্দর থেকে সু-৩০ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল।

এমআর