আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৬, ০৫:০৫ এএম
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কিউবা নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান ইস্যু শেষ হলে কিউবার বিষয়টি হবে ‘শুধু সময়ের ব্যাপার’।
বৃহস্পতিবার (৫ মার্চ) ফ্লোরিডা অঙ্গরাজ্যে কিউবান বংশোদ্ভূত নাগরিকদের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্পের এই বক্তব্যকে কিউবার প্রতি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভবিষ্যৎ কঠোর নীতির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার নির্বাসিত নাগরিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা শিগগিরই কিউবায় ফিরে যাবেন। তবে আশা করি তা স্থায়ীভাবে থাকার জন্য নয়। আমরা বিষয়টাকে এতটা সুন্দর করতে চাই না যে, আপনারা সেখানেই থেকে যান। তবে কিছু মানুষ হয়তো থাকতে চাইবে, কারণ তারা কিউবাকে অনেক ভালোবাসে।’
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য কিউবার বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। তাঁর বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে নির্বাসিত কিউবানরা আবার দেশটিতে যাতায়াত বা বসবাসের সুযোগ পাবেন।
বিশ্লেষকেরা বলছেন, ইরানকে ঘিরে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের সামরিক উত্তেজনার মুখে, ঠিক তখনই কিউবার প্রসঙ্গ তোলা তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে কিউবার কমিউনিস্ট সরকারের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে আসছে।
বারাক ওবামার আমলে দুই দেশের সম্পর্কের কিছুটা উন্নতি হলেও ট্রাম্প তার প্রথম মেয়াদে আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। দ্বিতীয় মেয়াদে এসে তার সাম্প্রতিক মন্তব্য কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আরও কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ।
সূত্র: আল জাজিরা