আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ১১:৪৫ পিএম
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ছয় দিনে গড়িয়েছে। এ সময়ে সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় হতাহতের সংখ্যাও বাড়ছে। বিভিন্ন দেশের সরকারি ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন শিক্ষার্থীও রয়েছে। তাদের অধিকাংশই ৭ থেকে ১২ বছর বয়সী শিশু।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সরকার পরিচালিত শহীদ ও প্রবীণ বিষয়ক ফাউন্ডেশন জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় এখন পর্যন্ত এই প্রাণহানি ঘটেছে।
এর আগে বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হামলায় দেশটিতে ৬ হাজার ১৮৬ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, বর্তমানে ২ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৩ হাজার ৫৪৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এছাড়া ৫৫২ জন ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।
সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও হতাহতের ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী—
ইসরাইল: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত শনিবার মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ শহরে হামলায় ৯ জন নিহত হন। এছাড়া কয়েকশ মানুষ আহত হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র: কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
লেবানন: সোমবার থেকে ইসরাইলের হামলায় দেশটিতে কমপক্ষে ৭৭ জন নিহত এবং ৫ শতাধিক আহত হয়েছেন।
বাহরাইন: সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অগ্নিকাণ্ডে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
কুয়েত: পৃথক হামলায় দুই কুয়েতি সেনাসহ চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
ওমান: দেশটির উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি ট্যাংকারে হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত: ইরানি হামলায় দেশটিতে তিনজন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালের নাগরিক।
কাতার: চলমান সংঘাতে ১৬ জন আহত হয়েছেন।
জর্ডান: দেশটিতে ৫ জন আহত হয়েছেন।
ইরাক: সংঘাতের প্রভাব পড়ে দেশটিতেও। সেখানে দুইজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত শনিবার সকাল থেকে তেহরানসহ ইরানের ছয়টি শহরে আকস্মিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের আরও দেশে এর প্রভাব পড়তে পারে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।