আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ১০:২১ পিএম
ঐতিহাসিক জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত নেপালের সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচনে দেশটি প্রায় ৬০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নেপালের নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভান্ডারী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, দেশব্যাপী ব্যালট বাক্স সংগ্রহ করা হচ্ছে, এর মধ্যে কিছু ব্যালট বাক্স ১৫টি প্রত্যন্ত জেলা থেকে বিমানে করে আনা হবে। সমস্ত ব্যালট বাক্স তাদের নির্ধারিত স্থানে পৌঁছানোর পর গণনা শুরু হবে, ২৪ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
এরআগে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে, তবে সময় শেষ হওয়ার পর লাইনে থাকা ভোটারদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়।
এদিকে বিগত নির্বাচনগুলোর তুলনায় এবার ভোটের হার কম হয়েছে। সাম্প্রতিককালে ২০১৩ সালে সর্বোচ্চ ৭৮.৩৪ শতাংশ এবং ২০২২ সালে ৬১.৬৩ শতাংশ ভোট পড়েছিল।
নেপালি নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, এবারে নির্বাচনে মোট ১ কোটি ৮৯ লক্ষ ভোটার প্রতিনিধি পরিষদের ২৭৫ জন সদস্য নির্বাচনের জন্য যোগ্য ছিলেন, যা ২০২২ সালের তুলনায় ৯ লাখ ১৫ হাজার ১১৯ জন বেশি। প্রায় ৫২ শতাংশের বয়স ১৮-৪০ বছর।
অন্যদিকে ৬ হাজার ৫৪১ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে ৩ হাজার ৪০৬ জন প্রথম নির্বাচন এটি। মোট প্রার্থীর মধ্যে ১ হাজার ১৪৩ জন স্বতন্ত্র প্রার্থী এবং ৩ হাজার ১৩৫ জন ৬৩টি দলের অধীনে লড়ছেন।
প্রসঙ্গত, নেপালের সংসদের ২৭৫ আসনের নিম্নকক্ষের নির্বাচন দুটি আলাদা পদ্ধতির সমন্বয়ে গঠিত হয়। এর মধ্যে ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতিতে ১৬৫ জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। আর অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে বাকি ১১০ জন সদস্য রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতের ভিত্তিতে নির্বাচিত হন। এটি ছোট দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করে।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
এমএইচআর