images

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপালের (গর্ভনর) পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। তার পদত্যাগের পরেই অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে।

বৃহস্পতিবার দিল্লি থেকে নিজের পদত্যাগপত্র জমা দেন রাজ্যপাল আনন্দ বোস।

রাজ্যপাল হিসেবে আনন্দ বোস অসংখ্যবার বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে বার বার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল তার।

আনন্দ বোসের পদত্যাগের পরপরই মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন।’

এর পরেই বোসের ইস্তফার কারণ সম্পর্কে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, ‘তার (বোস) পদত্যাগের কারণ সম্পর্কে আমি এই মুহূর্তে অবগত নই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে রাজ্যপাল আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক ভূমিকা পালনের জন্য ইস্তফা দিয়ে থাকেন, তাহলে আমি অবাক হব না।’

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপালের পদে এই পরিবর্তনও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

এর আগে এম কে স্ট্যালিনের সরকারের সঙ্গে একাধিকবার মতানৈক্য হয়েছে আর এন রবির। এমনকি তার বিরুদ্ধে আদালতে পর্যন্ত যায় তামিলনাড়ু সরকার।

সূত্র: আনন্দবাজার, বিবিসি বাংলা

এমএইচআর