আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম
শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবিতে কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। একই অঞ্চলে অবস্থান করছে আরও একটি ইরানি জাহাজ, এটিও মার্কিন হামলার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। তারা সেই জাহাজের নাবিকদের জীবন রক্ষার চেষ্টা করছে।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র নালিন্দা জয়াতিসা পার্লামেন্টে বলেছেন, শ্রীলঙ্কার সামুদ্রিক সীমানার বাইরে তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে আরও একটি ইরানি জাহাজ রয়েছে বলে অবগত আছে কলম্বো এবং ‘পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে’।
শ্রীলঙ্কার পার্লামেন্টে এক বিরোধীদলীয় নেতা জানতে চান, কলম্বো বন্দরের কাছে আরেকটি ইরানি জাহাজের অবস্থানের বিষয়টি সরকারের জানা আছে কি না।
জবাবে মুখপাত্র নালিন্দা জয়াতিসা বলেন, ‘প্রেসিডেন্ট, প্রতিরক্ষা কর্মকর্তারা ও সংশ্লিষ্ট্র অন্য কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং আমরা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। ইরানি নাবিকদের জীবন রক্ষার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ তবে দ্বিতীয় ইরানি জাহাজটি- যুদ্ধজাহাজ না বেসামরিক, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
তিনি আরও বলেন, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গ্যাল থেকে ১৯ নটিক্যাল মাইল দূরে আইআরআইএস ডেনা ডুবে গেছে এবং বুধবার সমুদ্র থেকে উদ্ধার হওয়া ৮৭টি মৃতদেহ সংরক্ষণের জন্য কলম্বো থেকে দুটি ফ্রিজার পাঠানো হয়েছে।
এরআগে শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, পূর্ব ভারতের একটি বন্দর থেকে ইরানের দিকে যাত্রা করা ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’ হামলায় কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে অনুসন্ধান চলছে।
শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মহড়া সংক্রান্ত ওয়েবসাইটের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানি জাহাজটি গত ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে অনুষ্ঠিত ভারতের বার্ষিক নৌ মহড়ায় ‘মিলান ২০২৬’-এ অংশ নিয়েছিল এবং মহড়া শেষে ইরানের দিকে ফিরে যাচ্ছিল।
পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল’।
জাহাজটি টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে উপসাগর থেকে হাজার হাজার মাইল দূরে কোনও সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজটিতে হামলা চালানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বৃহস্পতিবার এক এক্স বার্তায় তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে তার জন্য তারা তীব্র অনুশোচনা করবে, যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল এবং প্রায় ১৩০ জন নাবিক বহন করছিল।’
এরআগে বুধবার ভোরের দিকে ইরানি নৌ বাহিনীর ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পায় শ্রীলঙ্কান নৌবাহিনী। পরে সকাল ৬টার দিকে জাহাজটি উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়। উদ্ধারকারী দল জাহাজটি থেকে আহত ৩২ জনকে উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গ্যালের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারা সবাই সামান্য আঘাতের চিকিৎসা চলছে এবং বৃহস্পতিবার তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে তারা জানিয়েছে।
অন্যদিকে নিখোঁজ থাকা আনুমানিক ১০ জনের খোঁজে অনুসন্ধান ও উদ্ধার অভিযান বৃহস্পতিবারও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স
এমএইচআর