images

আন্তর্জাতিক

যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ১২:০০ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যুদ্ধ শুরুর প্রথম দুই দিনে অন্তত ১ লাখ মানুষ তেহরান ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘ইরানে হামলার পর প্রথম দুই দিনে আনুমানিক ১ লাখ মানুষ তেহরান ছেড়ে গেছেন।’

এতে আরও বলা হয়, সাম্প্রতিক ঘটনাবলির সঙ্গে সম্পর্কিত সীমান্ত পেরিয়ে মানুষের চলাচল বাড়ার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি।

জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সংস্থাটি জানায়, আফগানিস্তানের সঙ্গে ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেখানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর পর থেকেই শুরু হয় যুদ্ধ।

এর জেরে ইরান উপসাগরীয় অঞ্চলজুড়ে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে।


এফএ