আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম
ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আজ বুধবার থেকে শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।
ইসলামিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশনের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানায়, ‘বুধবার স্থানীয় সময় রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জাতির শহীদ নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন শোকসন্তপ্ত লোকজন’।
৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করা আলী খামেনিকে তার জন্মস্থানে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে সমাহিত করার কথা রয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের ইমাম রেজা মাজারে তার বাবার কবরও রয়েছে।
এদিকে, ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন - আজই এই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা করেছেন, ‘ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই হত্যা করবে ইসরায়েল।
তিনি বলেন, খামেনির যে কোনো উত্তরসূরী ‘ইসরায়েলকে ধ্বংস, যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়ার এবং ইরানি জনগণকে দমন করার পরিকল্পনা অব্যাহত রাখলে তাকে নির্বিঘ্নে নির্মূল করার লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার (যুদ্ধের প্রথম দিন) ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় নিহত হন।
সূত্র: বিবিসি
এমএইচআর