images

আন্তর্জাতিক

এবার রিয়াদে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ০৮:১৯ এএম

এবার সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। চার দিন আগে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলার অংশ হিসেবে এটি মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কনস্যুলেটগুলোতে সর্বশেষ হামলা।

মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উঠতে দেখেছেন।

সৌদি কর্তৃপক্ষ রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কথা নিশ্চিত করার পর শহরের কূটনৈতিক এলাকায় আরো দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ঘন, কালো ধোঁয়া উঠতে দেখেছেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সীমিত পরিমাণ আগুন লেগেছে এবং ভবনের সামান্য ক্ষতি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রিয়াদে দূতাবাসে হামলার জবাব শিগগিরই দেওয়া হবে।

ট্রাম্প বলেন, ‘আপনারা খুব শিগগিরই জানতে পারবেন’ এই হামলার জবাব কী হবে।

মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে স্থলে সেনা মোতায়েনের প্রয়োজন হবে না।

এর আগে গতকাল সোমবারও কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্কতার কারণে, ওই দূতাবাসের সমস্ত কর্মীরা সাময়িকভাবে প্রাঙ্গণ ত্যাগ করেছেন।

এমআর