images

আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের বেড়ে ৫৫৫ 

আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম

ইরানের শতাধিক শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। 

সোমবার ইরানি রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে জানায়, ‘ইরানে গত শনিবার ইসরায়েলি ও মার্কিনদের যৌথ সন্ত্রাসী হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুঃখজনকভাবে ৫৫৫ জন ইরানি নিহত হয়েছে।’

সাহায্য সংস্থাটি বিবৃতিতে আরও জানিয়েছে, দেশব্যাপী তাদের ১ লাখেরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।  

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরে মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে।

মিনাবের একজন স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন- গত শনিবার সকালে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এসময় মিনাবের শাজারেহ তাইয়েবা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ওপরও বোমা ফেলে প্রতিষ্ঠানটিকে গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় শতাধিক নিহত হন; যার বেশিরভাগই শিশু শিক্ষর্থী। স্কুলে হামলায় আরো ৯৬ জন আহত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হামলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ছবি প্রকাশ করে লিখেন, ‘মেয়েদের বিদ্যালয়টি গুড়িয়ে দেয়া হয়েছে এবং নিষ্পাপ শিশুদের মেরে ফেলা হয়েছে। ইরানের সাধারণ মানুষের বিরুদ্ধে এই অপরাধের জবাব দেয়া হবে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বেঘাই এ হামলাকে ‘স্পষ্ট অপরাধ’ হিসেবে উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর জানিয়েছেন, গত শনিবার মিনা‌বে মেয়েদের একটি স্কুলে ইসরায়েলের হামলায় ব্যবহৃত একই ধরনের ক্ষেপণাস্ত্র কয়েক ঘণ্টা আগে তেহরানের গান্ধী হাসপাতালে হামলায় ব্যবহার করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

এমএইচআর