images

আন্তর্জাতিক

হিজবুল্লাহর রকেটের জবাবে বৈরুতে পাল্টা হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ ২০২৬, ০৭:৫৪ এএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করার পর দেশটির রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে দখলদার দেশ ইসরায়েল।

সোমবার (২ মার্চ) ভোরে হিজবুল্লাহ জানায়, উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, এই হামলা ছিল ইসরায়েলের ‘বারবার আগ্রাসনের’ জবাবে এবং ‘লেবানন ও এর জনগণের আত্মরক্ষায়’।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইসরায়েলি আগ্রাসন ও তাদের নেতা-কর্মীদের হত্যাকাণ্ড চলতে থাকলে প্রতিরোধমূলক জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। উপযুক্ত সময় ও স্থানে সেই জবাব দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Hizbullah
ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর ছোড়া রকেট।

হিজবুল্লাহর হামলার পর দ্রুত পাল্টা প্রতিক্রিয়ায় লেবাননের দক্ষিণ বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রাম ও দেশের পূর্বাঞ্চলের বেকা উপত্যকাতেও হামলা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা লেবাননজুড়ে হিজবুল্লাহকে লক্ষ্য করে জোরালো হামলা চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে দেওয়া হবে না। পরিস্থিতির অবনতির দায় হিজবুল্লাহর ওপর চাপিয়ে কঠোর জবাব দেওয়ার কথাও জানায় তারা।

২০২৪ সালের নভেম্বর মাসে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপরও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। গত বছর লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি ডিক্রি জারি করলেও গোষ্ঠীটি তা প্রত্যাখ্যান করে। তাদের ভাষ্য, ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় অস্ত্র তাদের জন্য অপরিহার্য।

এমআর