আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম
ওমানের মুসান্দাম উপদ্বীপে কাছে একটি তেলের ট্যাঙ্কারকে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টার।
ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা- ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দরের ৫ নটিক্যাল মাইল উত্তরে নোঙ্গর করা পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী ‘স্কাইলাইট’ নামে ট্যাঙ্কারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে ট্যাঙ্কারটিকে কি আঘাত করেছে, তা এখনো সুনির্দিষ্ট করে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মেরিটাইম সিকিউরিটি সেন্টার বলেছে, ইতোমধ্যেই ওই ট্যাঙ্কারের ২০ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং পাঁচজন ইরানি নাগরিক। তবে আহত নাবিকরা কোনো দেশের নাগরিক তা স্পষ্ট করেনি ওমান।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কারটি হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। বর্তমানে ট্যাঙ্কারটি ডুবন্ত অবস্থায় রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আঘাতপ্রাপ্ত ট্যাঙ্কার স্কাইলাইট-এর মালিক রেড সি শিপ ম্যানেজমেন্ট কোম্পানি। ২০২৫ সালের ডিসেম্বরে ইরানি পেট্রোলিয়াম পণ্য পরিবহনের জন্য রেড সি শিপ ম্যানেজমেন্ট এবং স্কাইলাইটসহ প্রতিষ্ঠানটির অন্যান্য জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক হামলার মধ্যেই ট্যাঙ্কারের ওপর হামলার ঘটনাটি ঘটলো। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত ওমানে তেহরানের এটিই প্রথম হামলা। খাসাব বন্দর ওমানের একেবারে উত্তরে, হরমুজ প্রণালীর পাশে অবস্থিত।
সূত্র: রয়টার্স, এনডিটিভি
এমএইচআর