images

আন্তর্জাতিক

ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম

ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

রোববার (0১ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।

যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাকে ‘প্রত্যাশার মধ্যেই ছিল’ বলে উল্লেখ করে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ স্বভাবের কারণে এমন পদক্ষেপ অনিবার্য ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসী যুদ্ধ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে হামলার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে পিয়ংইয়ং আরও বলেছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ওই অঞ্চলের সব দেশ এবং যাদের অভিন্ন স্বার্থ রয়েছে, তাদের দায়িত্ব নেওয়া উচিত।

এদিকে খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে খামেনির এই মৃত্যুকে একটি ‌‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন তিনি। 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে লেখা একটি চিঠিতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন পুতিন। 

চিঠিতে খামেনির মৃত্যুকে ‘মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট।

সূত্র: আলজাজিরা 

এমএইচআর