আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা- ফারাজার প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
রেজাইয়ান এর আগে ইমিগ্রেশন এবং ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইরানের পুলিশ বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এদিকে তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সবশেষ এক আপডেটে জানিয়েছে, তারা ইরানি সরকারের লক্ষ্যবস্তু ‘তেহরানের কেন্দ্রস্থলে’ হামলা চালিয়েছে। সেনা গোয়েন্দা সংস্থার নির্দেশনায় এ হামলা পরিচালনা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তেহরানের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তেহরানের বিভিন্ন এলাকা থেকে নাগরিকরা জানিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।
শহরের আজাদি স্কয়ার, মিলাদ টাওয়ারের কাছে এমন বিস্ফোরণের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে ধোঁয়ার বড় কুণ্ডলি একটি স্তম্ভের আকারে বাতাসে উড়তে দেখা গেছে।
এদিকে তেহরানে ‘রেডক্রিসেন্ট শান্তি ভবনের আশেপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করে’ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি রেডক্রিসেন্ট সোসাইটি।
টেলিগ্রাম চ্যানেলে রেড ক্রিসেন্ট জানায়, ‘তেহরানের খাতাম আল আনবিয়া, মোতাহারি এবং বেহজিস্তা হাসপাতালের কাছেও হামলা চালানো হয়েছে’।
সূত্র: টাইমস অব ইসরায়েল, বিবিসি
এমএইচআর