images

আন্তর্জাতিক

আইআরজিসির নতুন কমান্ডার আহমাদ ভাহিদি

আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন কমান্ডার হিসেবে দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদিকে নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুরের মৃত্যুর খবর নিশ্চিত করার পর নতুন কমান্ডারের নাম ঘোষণা করল ইরান। 

রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শনিবার সকালে প্রতিরক্ষা পরিষদের বৈঠকে মার্কিন ও ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ ইরানি সামরিক কমান্ডার শহীদ হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

নিহতদের মধ্যে আইআরসিজি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ছাড়াও ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি, প্রতিরক্ষা পরিষদের প্রধান আলী শামখানি এবং প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ প্রমুখ রয়েছেন। 

এদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধাসামরিক বাহিনীগুলোর অন্যতম- আইআরজিসির নতুন কমান্ডার আহমদ ভাহিদি এর আগে ইরানের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের দেশব্যাপী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী কর্তৃক প্রাণঘাতী শক্তি প্রয়োগ সহ ইরানের বিক্ষোভ দমনে তার ভূমিকার মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

প্রসঙ্গত, ইরানি সেনাবাহিনীর অভিজাত শাখা— আইআরজিসি দেশটির প্রধান সেনা, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাহিনী এবং এটি দেশটির নিয়মিত সামরিক বাহিনী থেকে পৃথকভাবে পরিচালিত হয়। সংগঠনটির সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বিপুল।  আইজিআরসির একটি বৈদেশিক কার্যক্রম বিভাগ আছে যারা নাম কুদস (জেরুসালেম) বাহিনী।

ইরান সরকারের কথায়, এ বাহিনীকে সেদেশের পররাষ্ট্রনীতি বিষয়ক লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়।

প্রায় ৪৫ বছর আগে ইরানে বিপ্লবী গার্ড বাহিনী (সিপাহ-ই পাসদারান) প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল ইরানের ইসলামি বিপ্লবকে সুরক্ষিত করা। এ বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা দুই লাখের মত এবং তাদের নিজস্ব স্থল, বিমান ও নৌবাহিনী আছে। তা ছাড়া ইরানের কৌশলগত অস্ত্রসমূহেরও দেখাশোনা করে তারাই।


সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, বিবিসি

এমএইচআর