আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৬, ০৯:৫২ এএম
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের হামলায় অন্তত ২০০ জন মার্কিন সেনা নিহত হয়েছে।
তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। খবরটি জানা গেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস থেকে।
ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আইআরজিসি অন্তত ২০০ মার্কিন সেনা হত্যা করার দাবি করেছে।
তারা আরও দাবি করেছে, সেন্টকমের একটি যুদ্ধজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এই সফল হামলাকে তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় বিজয় হিসেবে প্রচার করছে।
কিন্তু আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের মুখপাত্র এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আইআরজিসির দাবি অনুযায়ী ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে এবং কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে—এগুলো সবই মিথ্যা।
আরও পড়ুন: নিজ দফতরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়— জানাল ইরান
সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নেই।
কিন্তু ইরানের আইআরজিসি ঘোষণা করেছে যে, তারা মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলির মধ্যে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং কুয়েতসহ ১৪টি মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে।
রেভোলিউশনারি গার্ড জানিয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে ইরানের প্রতিশোধমূলক হামলায় কমপক্ষে ২০০ জন কর্মী নিহত বা আহত হয়েছেন।
তারা আরও বলেছেন, ইরানের হামলায় কাতারের আল-উদেইদ ঘাঁটিতে স্থাপিত মার্কিন সামরিক বাহিনীর এফপি-১৩২ রাডার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
এই রাডারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তিতে সজ্জিত এবং ৫,০০০ কিলোমিটার দূরের বস্তুও সনাক্ত করতে পারে।
বিপ্লবী গার্ড আরও দাবি করেছে যে, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধ সহায়তাকারী জাহাজকে মারাত্মকভাবে ধ্বংস করেছে। অন্য মার্কিন নৌযানগুলোও বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতার মধ্যে রয়েছে।
-এমএমএস