images

আন্তর্জাতিক

হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ ২০২৬, ০৭:৪০ এএম

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রোববার (১ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘খামেনি ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি। তার মৃত্যু শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং সারা বিশ্বের সেসব আমেরিকানদের জন্যও ন্যায়বিচার, যারা খামেনি ও তার রক্তপিপাসু সন্ত্রাসী দলের হাতে নিহত বা ক্ষতবিক্ষত হয়েছেন।’

ট্রাম্প আরো দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে এই অভিযান সফল হয়েছে। তিনি লেখেন, ‘খামেনি ও তার সঙ্গে নিহত অন্য নেতারা কিছুই করতে পারেননি।’

আরেক পোস্টে ট্রাম্প বলেন, এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের ‘সবচেয়ে বড় সুযোগ’। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), সামরিক বাহিনী এবং নিরাপত্তা সংস্থার অনেক সদস্য আর যুদ্ধ করতে চান না এবং যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা (ইমিউনিটি) চাইছেন।

তবে এসব দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানি কর্মকর্তারা সর্বোচ্চ নেতার নিহত হওয়ার খবর অস্বীকার করে একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ ও ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছেন।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম ও মেহের জানিয়েছে, সর্বোচ্চ নেতা ‘অবিচল রয়েছেন ও রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন’।

এমআর